নরসিংদীর রায়পুরায় স্বামী-শাশুড়ির হাতে জীবন গেল মর্জিনা বিবি (২২) নামে এক গৃহবধূর। এ ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ ও শশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে।
সোমবার ভোর রাতে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, প্রায় চার বছর আগে উপজেলার অলিপুরা ইউনিয়নের বাহাদুর গ্রামের শুক্কুর আলীর মেয়ে মর্জিনা বিবির সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর কান্দাপাড়া গ্রামের মোসলেম মিয়ার ছেলে এনামূল হকের। তাদের ৪ বছরের দাম্পত্য জীবনে সুমা বেগম নামে আড়াই বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের সময় মেয়ের বাবা শুক্কুর আলী মেয়েকে স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে সাজিয়ে দেয়। বিয়ের কিছু দিন পর থেকে তাদের মধ্যে যৌতুক নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়।
এ অবস্থায় বছর খানেক পর মেয়ের সুখের চিন্তা করে জামাতা এনামূলকে যৌতুক হিসেবে সিএনজি কেনার জন্য ৬০ হাজার টাকা প্রদান করেন। তারপরও থামেনি যৌতুকের নির্যাতন। স্বামীর সঙ্গে যোগ হয় শাশুড়ি মনোয়ারা বেগমের অত্যাচার। এক পর্যায়ে সোমবার ভোর রাতে স্বামী-শাশুড়ি মিলে বসতঘরে গৃহবধূ মর্জিনা বিবিকে শ্বাসরোধ করে মেরে মুখে বিষ ঢেলে দেয় এবং আত্মহত্যা করেছে বলে প্রচার করতে থাকে। পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রায়পুরা থানার ওসি তদন্ত মো. মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত নই, তবে খোঁজ নিয়ে দেখছি।
ইত্তেফাক/এএন/ইউবি
