জম্মু-কাশ্মিরের বিভিন্ন প্রান্তে দুই জইশসহ ছয় জঙ্গিকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনাসূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।
শুক্রবার সকাল থেকেই বদগামে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। পারিগামের বসতি এলাকায় বেশ কয়েকজন জঙ্গি আত্মগোপন করে আছে, গোপন সূত্রে খবরটা এসেছিল সেনার কাছে। সিআরপিএফ-সেনার যৌথবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। অভিযান চলাকালীন জঙ্গিরা একটি বাড়ির ভিতর থেকে যৌথবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনাও।
সেনাসূত্রে জানানো হয়, বেশ কয়েক ঘণ্টা দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। সংঘর্ষ চলাকালীন দুই জঙ্গি নিহত হন। এই সংঘর্ষে পাঁচ জওয়ানও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুই জঙ্গির মরদেহ উদ্ধার করেছে সেনা। তাদের কাছ থেকে মার্কিন স্নাইপার, অ্যাসল্ট রাইফেলসহ প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। সেনার এক সূত্রের খবর, নিহত দুই জঙ্গি জইশ গোষ্ঠীর। তাদের মধ্যে এক জন বিদেশি। খবর আনন্দবাজার পত্রিকার
এর আগে বৃহস্পতিবার শোপিয়ানের ইয়রান জঙ্গলে জঙ্গি দমন অভিযান চালানোর সময় সেনা সদস্যদেরর গুলিতে দুই জঙ্গি নিহত হয়। ওই দিনই কুপওয়ারায় আরো একটি অভিযানে দুই জঙ্গিকে হত্যা করে সেনাবাহিনী।
