কেএম হাসানের নাম প্রস্তাব করেনি বিএনপি: নজরুল ইসলাম

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৬:৫৫
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগের মধ্যে বড় ধরনের অস্থিরতা ও ভীতি কাজ করছে। রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির বৈঠকে সার্চ কমিটি গঠনে কে এম হাসানের নাম প্রস্তাব করেনি বিএনপি অথচ ওবায়দুল কাদের এমন কথা বলে বেড়াচ্ছেন।
 
এ কথার সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, ভয়ে ও অস্থিরতায় তারা (আওয়ামী লীগ) দিশেহারা হয়ে পড়েছে। কী করবে, কী বলবে বুঝে উঠতে পারছে না। যদি আমরা তার (কে এম হাসান) নাম প্রস্তাব করেও থাকি তাহলেও তো তাদের তা জানার কথা নয়।
 
সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আরাফাত রহমান কোকো'র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
 
নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল তাদের নেতা কর্মীদের উদ্দেশে প্রকাশ্যে বলেছেন, ‘ক্ষমতা হারালে জানে বাঁচবেন না।’ এ ধরনের কথা কারা বলতে পারে? এ কথা থেকেই প্রমাণ হয় তারা নিজেরাই জানেন, তারা যে অন্যায় করছেন, নির্যাতন করছেন, দুর্নীতি করছেন, জুলুম করছেন তা ক্ষমতা হারালে প্রমাণ হয়ে যাবে। তারা জানে, তাদের সীমাহীন দুর্নীতির কথা প্রমাণিত হলে তারা জানে বাঁচবেন না, জনগণ তাদেরকে ছেড়ে দেবেন না।’
 
তিনি আরো বলেন, আমাদের চেয়ারপারসন আগেই বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো প্রতিহিংসা পরায়ণ হবেন না। তারা বিএনপির ওপর ইচ্ছামতো নির্যাতন জুলুম করছে, কোনো কিছুতে জিয়ার নাম দেখলেই সেটা পরিবর্তন করছে। কিন্তু আমরা ক্ষমতায় গেলে এমন প্রতিহিংসাপরায়ণ হবো না।
 

ইত্তেফাক/এএম।