বাঙ্গরায় এক প্রবীণের রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৭:০৫

কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামে বাচ্চু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার রাত ১০টায়  বাচ্চু মিয়ার নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত বাচ্চু মিয়া (৬৫) উপজেলার বড়পুকুড়িয়া গ্রামের মৃত মুশকত আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,  প্রায় সময় বাচ্চু মিয়ার প্রবাসী ছেলে আবু সাইদের স্ত্রী আকলীমা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হতো। একটু কিছু দন্দ্ব হলেই পুত্রবধূর বাবার বাড়ির লোকজন এসে তাদের শাসাতেন। কিছুদিন আগে এমন একটি ঘটনা ঘটলে তা নিয়ে সোমবার বিকেলে গ্রাম্য শালিস হওয়ার কথা ছিল।

সোমবার সকালে বাড়ির পাশের একটি গাছে বাচ্চু মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। ফাঁসি দেওয়ার চিত্র ও ঘটনার পরিপেক্ষিতে স্থানীয়রা তার এই মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছে।

এ বিষয়ে বাচ্চু মিয়ার ছেলে আবুল খায়ের বলেন, আমি বাঙ্গরা বাজার থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দিয়েছি।

বাঙ্গরা বাজার থানার এসআই মো: আবুল হাসান মিয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে  মৃত্যুর কারণ জানার জন্য মৃতদেহের ময়না তদন্ত করা হচ্ছে। প্রতিবেদন পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। তখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এএন