শিবগঞ্জে জেএমবি সদস্যকে ১৪ বছরের কারাদণ্ড

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৭:৪৭

জেলার শিবগঞ্জে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য হলেন, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের (পুকুরিয়া) শামটোলা গ্রামের আফতাব উদ্দীনের ছেলে অবদুর রাকিব ওরফে সুমন (২৮)।


চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুন্যাল-২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান সোমবার দুপুরে এই আদেশ প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৬ জুন দিবাগত রাত দেড়টার দিকে কানসাট বাজারের একটি স্টিলের দোকানে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও ৩ রাউন্ড গুলিসহ সুমনকে গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ। পরদিন ১৭ জুন এসআই মিজানুর রহমান বাদী হয়ে সুমনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। ২০০৯ সালের ৮ জুলাই সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল মান্নান।

চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ।

ইত্তেফাক/এএন/ইউবি