রাজীবপুর সীমান্তে হাতি হত্যা

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৭:৫৫

কুড়িগ্রামের রাজীবপুরের মিয়াপাড়া সীমান্তে জেনারেটরের সাহায্যে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে বুনো হাতি হত্যার ঘটনা ঘটেছে। ভারত থেকে নেমে আসা বুনো হাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সীমান্তবাসী ওই ফাঁদ তৈরি করেছে বলে জানা গেছে।

তবে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে হাতি হত্যার বিষয়টি মিয়াপাড়া গ্রামবাসী ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে ওই হাতি হত্যার ঘটনাটি ঘটেছে আন্তর্জাতিক মেইন পিলার নং ১০৭২ এর নিকটে মিয়া পাড়া সীমান্তে।

সোমবার সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, মৃত হাতিটি নো-ম্যান্সল্যান্ডে পড়ে আছে। এ সময় অসংখ্য নারীপুরুষ ভিড় করেছে মরা হাতি দেখার জন্য। হাতির মৃত্যুর খবর পেয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা ভোর বেলা থেকে হাতির কাছে অবস্থান নেয়। মরা হাতিটির শুড় পুড়ে যাওয়ার চিহ্ন দেখা গেছে। উপস্থিত দর্শকের অনেকে বলেছেন হাতিটিকে মারা হয়েছে। মারার পর হাতিটির দু’টি কান কেটে নেয়া হয়েছে।

তবে ঘটনাস্থলে জেনারেটরের বৈদ্যুতিক ফাঁদ এর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। হাতিটির মৃত্যুর পর বৈদ্যুতিক ফাঁদ ও জেনারেটর সরিয়ে ফেলা হয়েছে বলেও জনমনে গুঞ্জন রয়েছে।

ঘটনাস্থল মিয়াপাড়া সীমান্তের ওপারে ভারতের বালুর ঘাট বিএসএফ ক্যাম্পের সদস্যরা জানিয়েছেন, বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতিটিকে হত্যা করা হয়েছে। যার স্পষ্ট চিহ্ন হলো হাতিটির পুড়ে যাওয়া শুড়। এ ব্যাপারে ভারতের কালাইরচর বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর জেন্টালি বিসওয়াস বলেছেন, হাতিটিকে যে মারা হয়েছে এতে কোনো সন্দেহ নেই। বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা এসে তদন্ত করার পর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বালিয়ামারী বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোরশেদুল হক জানান, যেহেতু মরা হাতিটি নো-ম্যান্স ল্যান্ডে সে কারনে আমরা কিছু বলতে পারছি না। হাতিটিকে মারা হয়েছে, না অসুস্থ্য হয়ে মরেছে সে বিষয়েও আমরা কিছু বলতে পারিেছ না।

রৌমারী ও রাজীবপুর অঞ্চলের বন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে যেটা দেখা গেছে তাতে হাতিটিকে মারা হয়েছে। হাতির শুড় পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। কারা এ কাজটি করেছে তা এখনও বলা যাচ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদার জানান, মরা হাতিটি যে স্থানে রয়েছে সেটা নো-ম্যান্স ল্যান্ড বা ভারতের অংশে। হাতিটিকে মারা হয়েছে না অন্য কারনে মরেছে তা তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য যে, গত ক’দিন ধরে ভারত থেকে নেমে আসা বুনো হাতির দল দেশের অভ্যন্তরে ঢুকে বিভিন্ন ফসলের ক্ষতিসাধন করছে। মাখনের চর সীমান্তে বাংলাদেশি জনবসতিতে হামলা করে ঘরবাড়ি ভাংচুর করেছে। বুনো হাতির অত্যাচারে সীমান্তের মানুষ এখন অতিষ্ঠ।

ইত্তেফাক/এএন