‘সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন’

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৭:৫৭
জঙ্গি দমন এবং দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতার উল্লেখ করে  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আগামী দুই বছর পর জাতীয় সংসদ নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।’
 
সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি মন্তব্য করেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে।
 
আওয়ামী লীগের প্রেসিডিয়াম এই সদস্য  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, `রাজনীতি জনকল্যাণের জন্য। বিএনপি ধ্বংসাত্মক রাজনীতি ছেড়ে ইতিবাচক রাজনীতিতে ফিরে এসে জনগণের কল্যাণে রাজনীতি করুক তা সবারই কাম্য। দেশের মানুষ আর ধ্বংসের রাজনীতি চায় না।'
 
ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সমাবেশে  উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজং চাম্বুগং, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান দুদু, জেলা পরিষদের কাউন্সিলর গোলাম রব্বানী ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদুল আলম সভাপতিত্ব করেন। 
 
পরে তিনি সিরাজগঞ্জ শহরের অদূরে শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী সরকারি মেডিক্যাল কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
 
পরিদর্শনকালে তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়ে বলেন,কাজে কোন দুর্নীতি গাফিলতি সহ্য করা হবে না।
 
নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমন সফলতার মুখ দেখেছে। সারা দুনিয়ার মানুষ বাংলাদেশের উন্নয়ন ও জঙ্গি দমন সফলতায় প্রশংসা করেছে।
 
এ সময় নির্মানকারী প্রতিষ্ঠান পিডব্লিডির নির্বাহী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, প্রকল্পের পিডি ডা. সাইফুদ্দিন ইয়াহিয়া ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা উপস্থিত ছিলেন।  পরে তিনি সার্কিট হাউসে মুক্তি যোদ্ধা সংসদের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ