খুলনার দাকোপ উপজেলায় পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ২৯ রাউন্ড গুলিসহ জলদস্যু শামসু বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
রবিবার দিবাগত রাত ১২টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার পানখালি ফেরিঘাটের পূর্ব পাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আরও পাঁচ/ছয়জন জলদস্যু পালিয়ে যায়।
সোমবার দুপুরে নগরীর লবণচরায় র্যাব খুলনার সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোতাহার হোসেন (৩৫), রাইফুল ইসলাম রাজু (২৪), এনায়েত হোসেন (২৬), মিজানুর রহমান মিজান (৩৭) ও আনোয়ার শেখ (৬০)। তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি পাইপগান ও একটি গাদা বন্দুক এবং ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার লে. এএমএম জাহিদুল কবির বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় দাকোপ থানায় মামলা হবে।’
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি
