পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার জন্ম দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৯:২১
আগামী ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭৫ তম জন্ম দিবস।
 
দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষে রংপুরের ড. ওয়াজেদ স্মৃতি সংসদ আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দুইদিনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
 
এ উপলক্ষে রবিবার রাতে প্রেসক্লাব কমপ্লেক্সের ৩য় তলায় অবস্থিত ড. ওয়াজেদ স্মৃতি সংসদের অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
 
ড. ওয়াজেদ স্মৃতি সংসদ-এর সিনিয়র সহ-সভাপতি, ড. এমএ ওয়াজেদ মিয়ার স্কুল জীবনের সহপাঠী এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুইদিনের এ কর্মসূচি গ্রহণ করা হয়।
 
কর্মসূচির আওতায় আগামী ১৫ ফেব্রুয়ারি বিকাল তিনটা থেকে স্কুলের শিক্ষার্থীদের তিনটি গ্রুপে চিত্রাঙ্কন, আবৃত্তি, দেশাত্ববোধক গান ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
 
১৬ ফেব্রুয়ারি সকাল নয়টায় জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে মরহুমের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ মুনাজাত এবং বাদ যোহর বিভিন্ন মসজিদে ড. এমএ ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
 
একইদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় টাউন হলে আলোচনা সভা ও বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
 
ড. ওয়াজেদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাহাঙ্গীর জানান, অনুষ্ঠিত সভায় বরাবরের মতো সংসদের সদস্যদের নিজস্ব অর্থায়নে কর্মসূচির ব্যয় মিটানোর ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ