বালিয়াকান্দিতে প্রকাশ্যে ধুমপান করায় গ্রাম পুলিশকে জরিমানা

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৮:৫৮

জনসম্মুখে ধুমপান করার অপরাধে এক গ্রাম পুলিশ সদস্যকে ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ঐ গ্রাম পুলিশের নাম বাসুদেব বিশ্বাস(৪৩)।

বাসুদেব রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য ও মেছুয়াঘাটা গ্রামের মৃত লালন বিশ্বাসের ছেলে।

সোমবার বেলা সাড়ে ৫ টায় বালিয়াকান্দি বাজার থেকে এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এইচ এম রকিব হায়দার।

নির্বাহী অফিসারের উচ্চমান সহকারী এস এম আসলাম জানান, বালিয়াকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় প্রকাশ্যে ধুমপান করার অপরাধে এই গ্রাম পুলিশকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় সর্বমোট ১৫ হাজার ৩শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ইত্তেফাক/এএন