বরিশালের বিভিন্ন নদীতে অভিযান

জাটকা ধরার অপরাধে ২০ জেলে আটক

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:১৬

জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর ও গজারিয়া নদী থেকে জাটকা নিধনের দায়ে ২০ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী। উপস্থিত ছিলেন মত্স্য অধিদপ্তরের বরিশালের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস সহ নৌ-পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা। অভিযানে কালাবদর ও গজারিয়া নদী থেকে নূরু ইসলাম খাঁ, আলম বেপারী, মো. মোস্তফা, মো. হাসান আলী শিকদার, মো. মনির হাওলাদার, মো. এছাক বয়াতী, মো. জাহিদ সরদার, মো. কাঞ্চন দর্জি, মো. ফারুক বেপারীকে এক মাসের দণ্ডাদেশ প্রদান করা হয়।

এ ছাড়া মো. শাহিন, মো. মজিবর মাঝি, মো. মোতালেব হাওলাদার, মো. দেলোয়ার মোল্লা, মো. আলামিন গাজী, মো. ওসমান গনি, মো. বাছেত মাঝি, মো. ভাগোন আলী বাড়ী, মো. হারুন বিশ্বাস, মো. মনির হাওলাদার, মো. জামাল আকনকে জাটকা ইলিশ আহরণ করার অপরাধ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এদেরকে পাঁচ হাজার টাকা করে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী জানান, জেলা প্রশাসনের এরূপ তত্পরতা ও অভিযান অব্যাহত থাকবে।