পাংশায় কৃষককে গুলি করে হত্যা

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:১৬

পাংশায় ওহাব খাঁ (৫২) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওহাব পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের লাহিনী লঘুনাথপুর গ্রামের মনছুর খানের ছেলে। বৃহস্পতিবার রাত ১০টায় তার বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, গত রাত ১০টায় একই এলাকার দুলাল খান নামে এক আওয়ামী লীগ কর্মীকে মারধর করছিল কিছু দুর্বৃত্ত। এ সময় চিত্কার শুনে ওহাব এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা ওহাবকে উদ্ধার করে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কে বা কারা তাকে গুলি করেছে সেটা এখনও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত দুলালকে চিকিত্সা প্রদান করা হচ্ছে।