ভারত-ভিত্তিক স্মার্টফোন নির্মাতা কোম্পানি লাভা। বাজার দখলে কোম্পানিটি চীন-ভিত্তিক ডিভাইস নির্মাতাদের অনুসরণ করছে। অর্থাৎ আকর্ষণীয় নকশা এবং বাজেট সাশ্রয়ী ডিভাইসে বেশি গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি দুটি স্মার্টফোন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। 'লাভা এ৫০' ও 'লাভা এ৫৫' নামের ওই দুটি ডিভাইস-ই বাজেট সাশ্রয়ী ও নকশার দিক থেকে আকর্ষণীয়।
বাজেটের মধ্যে স্টাইলিশ ফোন যারা কিনতে চান তাদের জন্য 'লাভা এ৫০' ও 'লাভা এ৫৫' সেরা পছন্দ হবে বলেই দাবি নির্মাতাদের।
ভারতে উন্মোচন করা 'লাভা এ৫০' ও 'লাভা এ৫৫' অন্যান্য দেশের বাজারে কবে আসবে জানা যায়নি। তবে বাজার বিশ্লেষকদের ধারণা, অন্যান্য দেশেও শিগগিরই ডিভাইস দুটি আসছে।
ভারতীয় বাজের 'লাভা এ৫০'-এর মূল্য মাত্র ৩ হাজার ৯৯৯ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৬০০ টাকা) ও 'লাভা এ৫৫' মডেলের দাম ৪ হাজার ৩৯৯ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার টাকা)। কালো ও সিলভারে রঙে মডেল দুটি পাওয়া যাবে।
IMG0
দুটি হ্যান্ডসেটে রয়েছে ৪ ইঞ্চির ডিসপ্লে, যার স্ক্রিন রেজ্যুলেশন ৪৮০*৮০০ পিক্সেল। দুটি ফোনই অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে কাজ করবে।
র্যামের দিক থেকে দুটি ফোন একটু আলাদা। 'এ৫০' মডেলে যেখানে রয়েছে ৫১২ এমবি র্যাম, সেখানে 'এ৫৫' মডেলে রয়েছে ১ জিবি র্যাম। দুটি ডিভাইসেই রয়েছে ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর ও ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যা আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
বাদবাকি ফিচারের মধ্যে রয়েছে ৫ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ ক্যামেরা, সেলফির জন্য রয়েছে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা, রয়েছে ১৫৫০ এমএএইচ ব্যাটারি, কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, এ-জিপিএস ও ৩.৫ এমএম অডিও জ্যাক।
ইত্তেফাক/এএম
