বাগেরহাটে মাহেন্দ্রের ধাক্কায় কলেজছাত্র নিহত, সড়ক অবরোধ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৩:৫১
 
বাগেরহাটে যাত্রীবাহী মাহেন্দ্রের ধাক্কায় শহীদুল ইসলাম (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এই খবরে  কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা খানজাহান আলী ডিগ্রী কলেজের সামনে জড়ো হয়ে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে।
 
মঙ্গলবার সকাল নয়টার দিকে বাগেরহাট-খুলনা সড়কের শহরের জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ এসে মাহেদ্র চালককে গ্রেফতারের আশ্বাস দিলে  বিক্ষুব্দ শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।
 
নিহত শহীদুল ইসলাম খানজাহান আলী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বাগেরহাট সদর উপজেলার নাটোইখালি গ্রামের সোবাহান শেখের ছেলে।
 
খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোন্দকার আসিফ উদ্দিন রাখি জানান, সকাল নয়টার দিকে কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহীদুল বাসস্ট্যান্ডে নেমে পায়ে হেঁটে কলেজে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহেন্দ্র সামনে থেকে শহীদুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। কলেজ ছাত্রের মৃত্যুর খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা খানজাহান আলী ডিগ্রী কলেজের সামনে জড়ো হয়ে অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।
 
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বলেন, কলেজ ছাত্রের মৃত্যুর প্রতিবাদে কলেজ শিক্ষার্থীরা বাগেরহাট-খুলনা সড়কে প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে সেখানে গিয়ে পুলিশ মাহেন্দ্র চালককে গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  চালককে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
 
ইত্তেফাক/এএসএস