স্বর্ণের দোকান থেকে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৪:১২
 
ফরিদপুরের ভাঙ্গা পৌর বাজারের স্বর্ণের দোকানের ভেতর থেকে কারিগর রামপদ মালোর (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
 
সকালে নিউ সাগর জুয়েলার্সের মালিক দোকানে এসে ভেতর থেকে হতে আটকানো অবস্থায় দেখতে পান। অনেক ডাকাডাকি করেও ভেতর হতে কোন সাড়াশব্দ না পেয়ে কয়েক ঘণ্টা পর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও থানা পুলিশের সহায়তায় দোকানের শাটার ভাঙা হয়। পরে সেখান থেকে রামপদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
 
থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন জানায়, রাতে দোকানের ভেতরেই রামপদ ঘুমাত। সে পৌর সদরের চৌধুরীকান্দা গ্রামের সুকচান মালোর সন্তান। পারিবারিক কলহের কারণে হয়তো সে রশি দিয়েই গলায় ফাঁস দেয়। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 
পরিবারের পক্ষ হতে জানা যায়, আগামী বুধবার মস্তফাপুর তার বিয়ের অনুষ্ঠানের কথা ছিল।
 
ইত্তেফাক/এএসএস