নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাষ রায়ের কানের কিছু অংশ কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বর্তমান রেড ক্রিসেন্ট সোসাইটির নেত্রকোনা ইউনিটের সদস্য গোপাল কৃষ্ণ সাহা তার বাম কানের কিছু অংশ ছিঁড়ে নিয়েছে বলে অভিযোগ করেছে সুভাষ। ঘটনাটি গত রবিবার মধ্য রাতের। ঘটনার পরপরই তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নেত্রকোনা জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সুভাষ রায় নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এক সাক্ষাতে সুভাষ জানান, পূর্ব শত্রুতার জের ধরে রবিবার মধ্য রাতে নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় তার বাসার সামনে গোপালের সাথে তার আকস্মিক দেখা হয় এবং কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সে তাকে ঝাপটে ধরে এবং তার বাম কান কামড়ে ছিঁড়ে ফেলে এবং কানের কিছু অংশ ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়।
নেত্রকোনা মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, 'আহত সুভাষ রায় গত সোমবার নেত্রকোনা থানায় গোপাল কৃষ্ণসহ তাদের চার ভাইয়ের নামে মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক। পুলিশ তাদের আটকের চেষ্টা করছে বলে জানা গেছে।'
ইত্তেফাক/এসএস
