বৃহস্পতিবার থেকে এডাটা স্মার্টফোন ও ট্যাব মেলা

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৫:৩২

স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরীক্ষা করে দেখার ও কেনার সুযোগ করে দিতে রাজধানীতে হতে যাচ্ছে ‘এডাটা স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৭’। ২৬ থেকে ২৮ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে এই মেলা। এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটা সপ্তম প্রদর্শনী। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক ‘প্রেস মিট’ এর আয়োজন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন এডাটার প্রোডাক্ট ম্যানেজার নাজিম উদ্দিন ইমন, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের হেড অব মোবাইল মোঃ মূয়ীদুর রহমান, হুয়াওয়ে ডিভাইস বিজনেস ডিপার্টমেন্ট বাংলাদেশের সেলস ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী, এডিসন গ্রুপের বিপণন পরিচালক আশরাফুল হক, উই স্মার্ট সল্যুউশনের ব্র্যান্ডিং ও কমিউনিকেশন বিভাগের সহকারি মহাব্যবস্থাপক মুনতাসির আহমেদ, অপ্পো বাংলাদেশ কমিউনিকেশন ইকুইপমেন্ট কো. লিমিটেডের হেড অব মার্কেটিং ব্রুস লি, লিনেক্স মোবাইলের এজিএম (অপারেশন) আবদুর রহমান রাকিব ও এক্সপো মেকারের হেড অব অপারেশনস নাহিদ হাসনাইন সিদ্দিকী।

এডাটার প্রোডাক্ট ম্যানেজার নাজিম উদ্দিন ইমন বলেন, আমরা বরাবরই মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে অংশগ্রহণ করে থাকি। এবার আরও বড় পরিসরে অংশগ্রহণ করতে টাইটেল স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছি। মেলায় ক্রেতাদের জন্য আকর্ষনীয় ছাড় ও উপহার থাকবে।

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের হেড অব মোবাইল মোঃ মূয়ীদুর রহমান বলেন, প্রথম থেকেই আমরা এই মেলায় অংশগ্রহণ করছি। এবারের মেলায় শুধু ফোন নয়, ক্রেতাদের প্রয়োজনীয় আধুনিক সব ফিচারের সমন্বয় ঘটিয়ে সর্বশেষ পণ্যগুলো থাকবে। শুধুমাত্র মেলা উপলক্ষে আর্লি বার্ড ও প্রি-অর্ডার সুবিধা থাকছে। ক্রেতারা ফোন কেনার আগেই আমাদের নানা পণ্যের অভিজ্ঞতা নিতে পারবেন।

হুয়াওয়ে ডিভাইস বিজনেস ডিপার্টমেন্ট বাংলাদেশের সেলস ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, এবারের মেলায় হুয়াওয়ের পক্ষ থেকে আকর্ষনীয় ছাড় ও ক্যাশব্যাক অফার থাকবে। আমরা চেষ্টা করবো ইউজার জেনারেটেড এক্সপেরিয়েন্সগুলো দেওয়ার জন্য।

এডিসন গ্রুপের বিপণন পরিচালক আশরাফুল হক বলেন, এবারের মেলায় বেশ কয়েকটি নতুন ফোনের উদ্বোধন করা হবে। এছাড়া থাকছে বিশেষ ছাড় ও উপহার।

উই স্মার্ট সল্যুউশনের ব্র্যান্ডিং ও কমিউনিকেশন বিভাগের সহকারি মহাব্যবস্থাপক মুনতাসির আহমেদ বলেন, আমরা বাজারে নতুন। এই অল্প সময়ে ক্রেতাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিন্তু সামনে ভালো কিছু করতেই আমাদের এই অংশগ্রহণ। অফারের পাশাপাশি সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা কাজ করবো।

ইত্তেফাক/এএন