ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৭:৫২

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় রনি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার মহাসড়কের পৈরতলা বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি সদর উপজেলার বিজেশ্বর গ্রামের শামছুল আলমের ছেলে।

জানা যায়, সকালে কাউতলী বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক রনি মারা যান। তবে মোটরসাইকেলে থাকা আরেক আরোহী অক্ষত রয়েছেন। এ ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাস ও চালক রতন সরকারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএন