বগুড়ায় র্যাব, কাস্টমস ও আমর্ড পুলিশের যৌথ অংশগ্রহণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ লাখ টাকা মূল্যমানের ব্রিটিশ টোব্যাকো কোম্পানীর ডারবি ব্র্যান্ডের ১৩৩ কার্টুন সিগারেট জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব -উর-রহমান আশিকের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে জেলার শাজাহানপুর উপজেলার বনানী এলাকার একটি বাড়িতে এই অভিযান চালানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র অনুযায়ী, বনানীর ওই বাড়িতে বেআইনীভাবে ডারবি ব্র্যান্ডের সিগারেটগুলো মজুদ করেছিল ম্যারিস ব্র্যান্ডের সিগারেট কোম্পানীর কর্মচারি বাদশা আকন্দ। বাদশা জেলার শেরপুর উপজেলার দারকিপাড়া গ্রামের মোঃ বুলু মিয়ার ছেলে।
মজুদকারী বাদশা আকন্দ মজুদকৃত সিগারেটের বিপরীতে তার আইনানুগ কাগজপত্র রয়েছে বলে দাবি করলে সেসব দাখিল করার জন্য তাকে সুযোগ দেয়া হলেও সন্ধ্যা পর্যন্ত তিনি তা দাখিল করতে পারেননি। ফলে জব্দকৃত সিগারেটগুলো কাস্টমস কর্তৃপক্ষের হেফাজতে দেয়া হয়েছে।
ডা. তায়েব-উর-রহমান আশিক জানান, ম্যারিস ব্র্যান্ডের সিগারেট কোম্পানীর কর্মচারি বাদশা আকন্দ বেশি লাভের আশায় ডারবি ব্র্যান্ডের সিগারেটগুলো মজুদ করে রেখেছিলো। অভিযানে ব্রিটিশ টোব্যাকো কোম্পানীর ডারবি ব্র্যান্ডের ১৩৩ কার্টুন সিগারেট জব্দ করা হয়। যার বর্তমান বাজারমূল্য ৩০লাখ ৫৯ হাজার টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, বিষয়টি বেআইনী হওয়ায় এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এএন
