লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ঘেঁষা মেঘনা নদী থেকে ছয় জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মতিরহাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটকরা হলেন, চর মার্টিন এলাকার বাসিন্দা আবদুস শহিদ চুট্টু, একই এলাকার কামাল মাঝি ও চর লরেন্স গ্রামের আবদুর রহিম।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পাটারিহাট ইউনিয়নের বাসিন্দা অপহৃত কালু মাঝি বাদী হয়ে মামলা করেছেন। জলদস্যু অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘনা নদী থেকে ছয় জেলেকে অপহরণ করা হয়। পরদিন শুক্রবার রাতে মুক্তিপণের বিনিময়ে অপহৃত জেলেদের ছেড়ে দেয় জলদস্যুরা।
ইত্তেফাক/এএসএমইউ
