নতুন প্রজন্মকে বই পড়তে উত্সাহিত করুন ------এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:২৬

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বই মানুষের সর্বোত্তম বন্ধু। তাই নতুন প্রজন্মকে বই পড়তে উত্সাহিত করতে সকলকে এগিয়ে আসতে হবে। প্রযুক্তির এই যুগে তরুণরা যাতে বই পড়ায় মনোযোগী হয় সেজন্য সমাজের প্রতিটা স্তরে বইয়ের প্রচার-প্রসার ঘটাতে হবে। সমাজ থেকে মাদকের কালো থাবা মুক্ত করতে জনপ্রতিনিধিদের পাশাপাশি প্রশাসনকে আরো কঠোর ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকমুক্ত বাংলাদেশ গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি গতকাল শুক্রবার ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সমর্থিত নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান বলেন, ২০১৪ সালে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে সংসদ সদস্য নিক্সন চৌধুরী ফরিদপুর-৪ আসনকে উন্নয়নের রোল মডেল হিসাবে উপস্থাপন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পুরবী গোলদার, সহকারী কমিশনার ভূমি আফছানা কাওছার, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা কাজী সাঈদুর রহমান প্রমুখ।