বরিশাল নগরীর দপদপিয়া টোলঘর এলাকা থেকে বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ ও কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-ছগির হোসেন মীর, কামাল হোসেন ও রিপন মিয়া। তাদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।
বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ফরহাদ সরদার জানান, রাতে দপদপিয়া ব্রিজের টোলঘরের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সাদা প্রাইভেটকার চেক করার সময় ২২ বোতল বিদেশি মদ, আট বোতল দেশি মদ ও ৯৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। আটককৃতদের সাথে থাকা সাদা প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, মদগুলো বরিশাল নগরীর অভিজাত হোটেল এরিনা থেকে ক্রয় করে বিক্রির জন্য বরগুনায় নিয়ে যাচ্ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বরিশাল ও ঝালকাঠী জেলায় নয়টির মতো মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে বরিশাল থেকে মদ ক্রয় করে বরগুনার বিভিন্ন উপজেলায় নিয়ে বিক্রি করত।
ইত্তেফাক/এএসএস
