গণহারে কুকুর হত্যা করা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) এলাকায়। সিসিসি'র বর্জ্য পরিষ্কার দলটিকে দিয়ে এই কাজ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিষপান করিয়ে হত্যা করা হয়েছে এই কুকুরগুলোকে। তারপর ডাস্টবিন বক্সে কাছে অথবা ময়লা-আবর্জনার মধ্যে ফেলে রাখা হচ্ছে মৃত কুকুরগুলোকে। সর্বশেষ সিসিসি'র বর্জ্য পরিষ্কার দলটি ট্রাকে করে ডাম্প করছে কুকুরগুলোকে।
চট্টগ্রামের আন্দরকিল্লা চকবাজার লিংক রোডের ঘাট ফরহারবেদের একটি ছবিতে দেখা যায়, বিষ দিয়ে হত্যা করা হয়েছে প্রায় ১৫টি কুকুরকে।
এ বিষয় সিটি কর্পোরেশন যোগাযোগ করা হলে তারা কোন উত্তর দিতে পারেনি। সিটি কর্পোরেশনে স্বাস্থ্য বিভাগের প্রধান ড. সেলিমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।
নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কর্পোরেশনের এক কর্মচারী জানান, লিখিত কোন অনুমতি দেয়া হয়নি কুকুর নিধনের জন্য। কিন্তু চট্টগ্রামে কুকুর বেড়ে যাওয়ায় এবং ভ্যাকসিনের মূল্য বেড়ে যাওয়ায় মৌখিকভাবে বিষ খাইয়ে মেরে ফেলতে বলা হয়েছে।
কিন্তু তেমন কোন নির্দেশ দেয়া হয়নি বলে জানায় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।
নির্দেশনা ছাড়া এভাবে কুকুর হত্যার কারণে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা, তাও নিশ্চিত করতে পারেনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
যেখানে একটি কুকুরকে মেরে হত্যার জন্য তীব্র আন্দোলন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে এতগুলো কুকুর হত্যার দায় নিতে রাজি নয় কেউ।
ইত্তেফাক/আরএ
