রাজধানীতে দুই মোটরসাইকেল আরোহীসহ সড়কে ঝরল আরো পাঁচজনের প্রাণ

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:২৭

ইত্তেফাক ডেস্ক

রাজধানীতে দুই মোটরসাইকেল আরোহী ও পাবনার চাটমোহরে অন্তঃসত্ত্বা গৃহবধূসহ বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরো পাঁচজনের। এ বিষয়ে ইত্তেফাক রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের খবর।

রাজধানীর মোহাম্মাদপুর কলেজ গেইট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হন। নিহতরা হলেন, শাকিন (২০) ও সোহাগ (১৯)। এ ঘটনায় আশরাফুল ইসলাম নামের একজন গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। চিকিত্সকরা জানিয়েছেন তার অবস্থাও আশঙ্কাজনক।

নিহত সোহাগের বন্ধুরা জানান, সোহাগ, শাকিন ও শাকিনের মামাতো ভাই আশরাফুল ইসলাম গত বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে মোহাম্মদপুর কলেজ গেইটে ওষুধ কিনতে যায়। ওষুধ কিনে ফেরার পথে খিলজী সড়কাধীন বিসমিল্লাহ ফার্মেসি ও ডিপার্টমেন্টাল স্টোরের সামনে পৌঁছালে বেপরোয়া গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-৭৫৫৭) পেছন থেকে তাদের মোটরসাইকেলে আঘাত করে। এতে মোটরসাইকেলসহ তারা সড়কে ছিটকে পড়ে এবং মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে সোহাগ মারা যায়। আশপাশের লোকজন শাকিন ও আশরাফুলকে উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সকরা শাকিনকে মৃত ঘোষণা করেন। আর আশরাফুলকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। মোহাম্মদপুর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস জানান, এ ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে, পলাতক ট্রাক চালককে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় নছিমন চাপায় গোলবানু (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের খোন্তাকাটা বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলবানু সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী গ্রামের হাশেম হাওলাদারের স্ত্রী।

পুলিশ জানায়, গোলবানুকে সঙ্গে নিয়ে তার মেয়ে-জামাই খোন্তাকাটা বাজারের কাছে রাস্তা পারাপারের সময় হঠাত্ দ্রুতগামী একটি নছিমন গোলবানুকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

চাটমোহর (পাবনা): পাবনার চাটমোহরে শুক্রবার সকালে শ্যালো ইঞ্জিনচালিত চলন্ত ভটভটির (করিমন) চাকায় পিষ্ট হয়ে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের মো. শামসুল হকের স্ত্রী খালেদা খাতুন (২৮)। জানা গেছে, খালেদা তার স্বামী ও আত্মীয়-স্বজনসহ তাড়াশ উপজেলার নওগাঁ মাজার শরীফে যাওয়ার পথে উপজেলার জাবরকোল স্কুলের পাশে চলন্ত ভটভটি থেকে পড়ে এর চাকায় পিষ্ট হন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। 

দেবিদ্বার (কুমিল্লা): কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদী থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় বেপরোয়া ট্রাক্টরের চাপায় আয়েশা বেগম (৫০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেবিদ্বার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। শুক্রবার সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম চান্দপুর গ্রামের মো. ফরিদ মিয়া স্ত্রী। তবে ট্রাক্টরের চালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরে বিক্ষুব্ধ জনতা  ঘাতক ট্রাক্টর চালক ও মালিকের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে।