হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
হাটহাজারীতে পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনায় ইউছুপ (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার উত্তর মাদার্শার মাছুয়াঘোনার সুইচগেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার উত্তর মাদার্শার মাছুয়াঘোনার সোবহান সওদাগরের বাড়ির ইউছুপ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সুইচগেট এলাকায় গেলে একই এলাকার কামরুল ইসলাম, মহিউদ্দিন, আলাউদ্দিন, হাকিম, মজিদ সবাই মিলে ইউসুপের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত ইউছুপকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ইউছুপের ময়না তদন্তের কাজ চলছে। রিপোর্ট হাতে পেলেই এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।
