স্মার্টফোনের বাজারে কনফিগারেশনে উন্নত বেশি বাজেটের হ্যান্ডসেটের চেয়ে কনফিগারেশনে উন্নত কম বাজেটের হ্যান্ডসেটের চাহিদা বেশি। ফলে উন্নত কনফিগারেশনের বাজেট সাশ্রয়ী স্মার্টফোন বাজারে আনতে কাজ করে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এই দৌড়ে এগিয়ে থাকতে তুলনামূলক কম বাজেটের ডিভাইস 'কে৬ পাওয়ার' বিকাশমান বাজারে আনছে লেনোভো।
আগামী ৩১ জানুয়ারি ভারতের বাজারে উন্মোচন করা হবে 'কে৬ পাওয়ার'। ৪ জিবি র্যামের এই ফোনটি পাওয়া যাবে কেবল ফ্লিপকার্টে।
ভারতে ১০ হাজার ৯৯৯ রুপিতে ফোনটি পাওয়া যাবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৮০০ টাকা।
৫ ইঞ্চি ডিসপ্লের 'কে৬ পাওয়ার'-এর প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন অক্টাকোর। স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড মার্শম্যালো। এতে রয়েছে সনির আইএমএক্স২৫৮ সেন্সর-সহ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ওয়াইড লেন্স-সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এতে থাকছে ৩২ জিবি ইন্টারনাল মেমোরি, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত। ডিভাইসটির ব্যাটারির ক্ষমতা ৪,০০০ এমএএইচের।
বিপুল গ্রাহক চাহিদার কারণে কিছু দিন পর পর নতুন নতুন স্মার্টফোন এনে বাজার মাতিয়ে রেখেছে চীনের এই প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় 'কে ৬ পাওয়ার' ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে বিশ্বের বিকাশমান বাজারে তুমুল গ্রাহকপ্রিয় এই প্রতিষ্ঠান।
ইত্তেফাক/এএম
