ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সোয়াদী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাবা ও তার আড়াই বছরের শিশুকন্যা নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকিদুল ইসলাম(২৭) পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পাকা গ্রামের মোরাদ সরদারের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি কাজী কামাল হোসেন জানান, বাবা-মেয়ে মোটরসাইকেলযোগে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর বাজারে আসছিলেন। সোয়াদী রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে সৈয়দপুরগামী আন্তঃনগর ট্রেন রূপসার ধাক্কায় ছিটকে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা আকিদুল। মেয়ে আঁখিকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে যশোর আড়াই’শ বেড হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে সে মারা যায়। উল্লেখ্য, সোয়াদী রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান নেই।
