পাবনার আটঘরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ডেঙ্গারগ্রাম ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ হলেন- আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন (৪০) ও তোফাজ্জল হোসেন (৪০)।
আটঘরিয়া থানার ওসি ফারুক আহম্মদ জানান, ঘটনার সময় ওই দুই পুলিশ সদস্য সিভিল পোশাকে মোটরসাইকেলে একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রাম এলাকায় যান। সেখানে একটি সাদা প্রাইভেটকারে থাকা লোকজনের গতিবিধি সন্দেহজনক হলে চ্যালেঞ্জ করেন দুই পুলিশ সদস্য। এ সময় প্রাইভেটকারে থাকা সন্ত্রাসীরা দুই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মঞ্জুরা রহমান জানান, আহত দুইজনের মধ্যে এসআই মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইত্তেফাক/আরএ
