উল্লাপাড়ায় কলেজ ছাত্র খুন

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৬:২৬

উল্লাপাড়া ডিগ্রি কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী আসাদুল ইসলাম আকাশ (১৭) কে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকাশ মারা যায়। তিনি উল্লাপাড়ার সোনতলা গ্রামের মেনাজ উদ্দিনের ছেলে।

আকাশের বাবা মেনাজ উদ্দিন অভিযোগ করেছেন, গত ২২ জানুয়ারি সোনতলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে জিলাপি বিতরণকে কেন্দ্র করে নাজমুল ও কোবাদ দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত আকাশ উভয় পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এই ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে আকাশ সোনতলা গোলচত্ত্বরের কাছে হেঁটে যাওয়ার সময় একই গ্রামের আনছার আলীর ছেলেরা এসএসসি পরীক্ষার্থী কোবাদ আলী (১৬), বড় ভাই আব্দুল খালেক (৪০), আব্দুল বারেক (২৮), কেতাব আলী (২৬), রজব আলী (৩০) ও  কোরান আলী (২২) তাকে আক্রমণ করে বেধড়ক মারপিট করে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকাশ মারা যায়।

এ ব্যাপারে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক সবুজ হোসেন জানান, বর্তমানে আকাশের বাবা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।  

ইত্তেফাক/এএন