উত্তরবঙ্গের পণ্য পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম স্থগিত

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৬:৩২
উত্তরবঙ্গে (রাজশাহী ও রংপুর বিভাগ) অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম স্থগিত করা হয়েছে। সাতটি দাবির মধ্যে চারটি মেনে নিয়েছেন কর্তৃপক্ষ।
 
বুধবার দুপুর ১২টার দিকে ঢাকায় উত্তরবঙ্গ ট্রাক-লরি ও কাভার্টভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
সংগঠনটির সভাপতি সাদরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার ঢাকায় কয়েকজন মন্ত্রীসহ কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে সভা হয়। সভায় আমাদের পক্ষ থেকে সাতটি দাবি জানানো হলে তারা চারটি দাবি মেনে নিয়েছেন। বাকি তিনটা দাবির বিষয়ে আলোচনা চলছে।
 
এর আগে গত শনিবার রাতে রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে আগামী ২৬ জানুয়ারি থেকে উত্তরবঙ্গে (রাজশাহী ও রংপুর বিভাগ) অনির্দিষ্টকালের জন্য সব পণ্যবাহী পরিবহন বন্ধ রাখার আল্টিমেটাম ঘোষণা দেয়া হয়েছিল।
 
সংগঠনের আন্দোলন কমিটির সভাপতি আব্দুল মান্নান আকন্দ ১২ দফা তুলে ধরেন। দাবিগুলো হলেন, পরিবহনে অতিরিক্ত পণ্য বোঝাই না করতে প্রেসনোট জারি। অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন। ওয়েব্রিজে জরিমানা বাতিল। ১২ হাজার টাকা স্কেল জরিমানা প্রত্যাহার। ফেরিঘাটে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ। কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি বন্ধ। পৌরসভা ও সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি বন্ধ। ব্রিজের টোল কমানো। অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণ। প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান। জ্বালানি তেলের দাম কমানো। ভারতের পেট্রাপোল বন্দরে চালকদের নির্যাতন বন্ধ এবং গত বছরে সীতাকুণ্ডু থানায় ৪০০ অজ্ঞাত ট্রাকচালকের নামে দায়ের করা মামলা প্রত্যাহার।
 
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি