আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:২৮

ময়মনসিংহ সিটির প্রথম নির্বাচন

ইত্তেফাক রিপোর্ট

আগামী ৫ মে অনুষ্ঠিতব্য ময়মনসিংহ সিটি করপোরেশনের (এমসিসি) প্রথম নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ করতে দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। সম্পূর্ণ ইভিএমের মাধ্যমে অনুষ্ঠেয় এই নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ শুরু হবে ১ এপ্রিল। বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১, ২ ও ৩ এপ্রিল বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ৩ এপ্রিল বিকাল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিত সভা করবে। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে ৩ জনের একটি প্যানেল সুপারিশ করবে। প্যানেলটি মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলী ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে কমপক্ষে ৩ জনের সুপারিশ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ৩ এপ্রিল বিকাল ৫টার মধ্যে পাঠাতে হবে।