২৬ দিনেও প্রকৃত খুনি শনাক্ত না হওয়ায়

উৎকণ্ঠা এমপি লিটনের পরিবারে

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৭:১৫

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের ২৬ দিন অতিবাহিত হলেও প্রকৃত খুনি শনাক্ত না হওয়ায় এমপি লিটনের পরিবার উৎকণ্ঠায় ভুগছে।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিজ বাড়িতে দুর্বৃত্তদের হাতে নিহত হয়। পুলিশ, র‌্যাবসহ গোয়েন্দা সংস্থা খুনের প্রকৃত রহস্য উদঘাটনসহ খুনিদের গ্রেফতারের জন্য মাঠে নামে। এছাড়া, রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে রিক্রূট করা ৫২ সদস্য বিশিষ্ট একটি চৌকস দল তদন্তে নামে। তদন্ত দল ২৬ দিন ধরে চেষ্টা চালিয়েও প্রকৃত খুনিদের শনাক্ত করতে পারেনি।

এ অবস্থা চলতে থাকায় এমপি লিটনের পরিবার-পরিজন উদ্বিগ্নের মধ্যে দিনাতিপাত করছে। নিহত এমপির বড় বোন আফরুজা বারী অভিযোগ করে বলেন-‘হত্যাকাণ্ডের পিছনে মদদ দাতা, পৃষ্ঠপোষক, পরিকল্পনাকারী, অর্থের যোগানদাতাসহ হত্যাকারীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শনাক্ত করতে পারছে না।’

মামলার তদন্তে অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘নিজ বাড়িতে খুন হবার ব্যাপারে লিটনের ঘনিষ্ঠজন, দলীয় নেতাকর্মী, পরিক্ষিত সহযোদ্ধারা কেউ হত্যাকাণ্ডের সময় পাশে ছিলো না। কিন্তু কেন?” প্রশ্ন রাখেন তিনি।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়টি দেখছেন। কারা তদন্ত করবেন বা অন্য কাউকে দিয়ে তদন্ত করতে হবে কি না তিনিই সেটি ঠিক করবেন। এ ব্যাপারে আমাদের কোন বক্তব্য নেই। আমরা আশায় বুক বেঁধে আছি। শীঘ্রই প্রকৃত খুনীদের মুখোশ উন্মোচিত হবে বলে আমরা মনে করি ‘

মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান বলেন-এমপি লিটন হত্যাকাণ্ডের পর থেকে আমাদের সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দা সংস্থা প্রকৃত খুনিদের শনাক্তসহ গ্রেফতার করতে মাঠ পর্যায়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন-আমরা আশাবাদি অচিরেই প্রকৃত খুনি শনাক্তসহ গ্রেফতার করতে সক্ষম হবো।

ইত্তেফাক/এএন