জুতা সেলাইয়ের টাকা চাওয়ায় ঋষি পরিবারে হামলা, নারীসহ আহত ৫

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৭:৪৫

জুতা সেলাইয়ের ৫ টাকা চাওয়াকে কেন্দ্র করে ঋষি পরিবারের ৫ জনের ওপর হমলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠির রাজাপুরের গালুয়া বাজারে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ মর্মে রাতে রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

আহতরা হল-গালুয়া দূর্গাপুর গ্রামের রাখাল ঋষির ছেলে মহাদেব ঋষি, তার স্ত্রী ভারতী রানী, মেয়ে শিলা রানী, ছেলে ফকির চাঁন ও হরচাঁন। আহতদের মধ্যে মহাদেব, ফকির চাঁন ও হরচাঁন রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত মহাদেব ঋষি অভিযোগ করে বলেন, আমার ছোট ছেলে হরচাঁন মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় গালুয়া বাজারে জুতা সেলাইয়ের কাজে বসেন। সন্ধ্যায় বাসার তালুকদার জুতা সেলাই করতে আসে। তার জুতা সেলাই করে ৫ টাকা চাওয়া মাত্রই আমার ছেলেকে গালামন্দ শুরু করে জামার কলার ধরে মারতে শুরু করে।

মহাদেব ঋষি আরো বলেন, ওই বাজারেই আমরা স্বপরিবারে থাকি। যে কারনে আমরা ছুটে গেলে প্রতিপক্ষ পশ্চিম পুটিয়াখালী শ্রীপুরের বাসার তালুকদার, রেজোয়ান তালুকদার ও ফিরোজ তালুকদারসহ ৬/৭ জন মিলে আমাদেরকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। তারা আমার মাথায় মাথা ফাটিয়ে দেয় এবং অন্যদের পিটিয়ে আহত করে।

রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল জানান, মহাদেবের মাথার ক্ষতটা একটু বেশি হলেও সে এখন বিপদমুক্ত।

রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইত্তেফাক/এএন