ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণের দাবিতে বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। অর্ধদিবস হরতালের সমর্থনে বুধবার বিকালে কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ করে কলেজে গিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে কলেজ সরকারিকরণ ও বাস্তবায়ন আন্দোলন কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম আবুল হাসেম জানান, ময়মনসিংহের দক্ষিণের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণের দাবিতে সাড়ে ৩ মাস ধরে আন্দোলন চলছে।
এখন পর্যন্ত কলেজটি সরকারিকরণে কোন ঘোষণা না পাওয়ায় আন্দোলনকারীরা হতাশ। সেই সঙ্গে ক্ষোভ বিরাজ করছে সর্বমহলে। কলেজটি সরকারিকরণে দাবি আদায়ের জন্য আগামীকাল বৃহ্স্পতিবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হরতালের ডাক দেয়া হয়েছে।
উল্লেখ্য, ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণের দাবিতে গত ১৬ অক্টোবর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে কলেজ কর্তৃপক্ষ। গত ২৭ নভেম্বর শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিপেটায় ও বুটের আঘাতে কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ ও পথচারী ছফর আলী নিহত হয়েছে। পুলিশের গুলিতে চোখ হারিয়ে অন্ধ হয়েছে এক রাজমিস্ত্রী যুবক।
ইত্তেফাক/এএন/ইউবি
