আটোয়ারীতে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:২৮

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা

পঞ্চগড়ের আটোয়ারীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই। এসময় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘটনাটি গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ছোটদাপ গ্রামে সংঘটিত হয়। সূত্র জানায়, ছোটদাপ (কালিকাপুর দীঘির পূর্ব পার্শ্বে) গ্রামের জনৈক মৃত বিষু মোহাম্মদের পুত্র জুয়েলের রান্না ঘর হতে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তে আশপাশের প্রায় ৯টি পরিবারের বাড়ি-ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পঞ্চগড় ও বোদা হতে দমকল বাহিনীর গাড়ি এসে আগুন নিভানোর চেষ্টা চালায়।

এসময় গ্রামবাসী অগ্নিকাণ্ডের হাত হতে সহায় সম্বল বাঁচানোর চেষ্টা চালায়। পাশাপাশি জুয়েলের বৃদ্ধা মাতা রহিমা বেওয়া (৬০) নিজের জীবনকে বাজি রেখে ঘরে গচ্ছিত থাকা এনজিও থেকে প্রাপ্ত ঋণের টাকা উদ্ধারের জন্য ঘরে প্রবেশ করেন। এসময় তিনি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দমকল বাহিনী সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, এঘটনায় ওই গ্রামের মৃত বিষুর পুত্র ইসলাম উদ্দীন, জুয়েল রানা, সুয়েল রানা, এন্তাজুল হক, হাসিরুল ইসলাম, মইজুল ইসলাম, নুরজামাল ও কালু মোহাম্মদের পুত্র হাজিরুল ইসলাম ও সমির উদ্দীনের পুত্র রবিউল ইসলামের বাড়ি-ঘর, ধান-চাল, কাপড়-চোপড়, নগদ টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার পর তাত্ক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রহমান, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, রাধানগর ইউপি চেয়ারম্যান মো. আবু জাহেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারের মাঝে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয় এবং নিহত পরিবারকে ২০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেয়া হয়।