রাজশাহীতে ক্লিনিক মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৮:৪৭
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে রাজশাহীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। 
 
২৪ ঘণ্টা পর বুধবার বিকেল ৩টার দিকে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আশীষ কুমার সাহা এবং বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি ডা. এমএ মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
তারা জানান, বুধবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ক্লিনিক মালিক সমিতির নেতাদের সঙ্গে প্রশাসকের বৈঠকে দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। সভায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন ছাড়া বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আশীষ কুমার সাহা, ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা. এমএ মান্নান ও সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত মঙ্গলবার মহানগরীর লক্ষ্মীপুর এলাকার তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘অস্বাভাবিক জরিমানা’র প্রতিবাদে ওই দিন বিকাল ৩টার পর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে ক্লিনিক সমিতি।
 
ইত্তেফাক/ইউবি