সালথায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ২১:৪৩

ফরিদপুরের সালথায় দুই দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে শতাধিক বসতঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে।

উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সকাল থেকে বিকাল পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন থাকলেও তাদের বাধা অতিক্রম করে সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুর-লুটপাট চলতে থাকে।
IMG0
জানা গেছে, গ্রাম্য দলাদলি নিয়ে দীর্ঘদিন ধরে কাঠালবাড়িয়া গ্রামের আবু মাতুব্বরের সঙ্গে প্রতিপক্ষ মিন্টু মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় আবুর দলের সমর্থক ইউনুস শেখকে মারধর করে মিন্টুর সমর্থকরা।

এরপর মিন্টুর কয়েকজন সমর্থকের দোকান-ঘর ও মোটরসাইল ভাংচুর করে আবুর সমর্থকরা। এ নিয়ে রাতভর উভয় দলের মধ্যে উত্তেজনা চলতে থাকে।
IMG1
একপর্যায় বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উভয় দলের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ উভয় দলের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঘরে থাকা সব মালামাল লুটপাট করে নেয়া হয়েছে। পানি খাওয়ার মত একটি গ্লাসও ঘরে নেই। ঘরগুলো এমনভাবে ভাংচুর করা হয়েছে যা মেরামত না করে ব্যবহার করা যাবে না। নারীরা ছোট শিশুদের নিয়ে কান্না-কাটি করছেন।

 

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, গ্রামের পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/এএন/ইউবি