গত পাঁচ বছরে টিআর কাবিখা বরাদ্দ পরীক্ষায় সংসদীয় উপ-কমিটি

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:২৮

মাসুদ উদ্দিন চৌধুরী আহ্বায়ক

ইত্তেফাক রিপোর্ট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গত পাঁচ বছরে টিআর, কাবিখাসহ বিভিন্ন ধরনের বরাদ্দ ও ব্যয় পরীক্ষার জন্য সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে ওয়ান-ইলেভেনের সময়কার আলোচিত সেনা কর্মকর্তা ও বর্তমানে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য লে. জে. (অব) মাসুদ উদ্দিন  চৌধুরীকে। কমিটির অন্য সদস্যরা হলেন- মজিবুর রহমান চৌধুরী ও জুয়েল আরেং। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বৈঠকে এই উপ-কমিটি গঠন করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন- কমিটির সদস্য ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পঞ্চানন বিশ্বাস, আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী, মাসুদ উদ্দিন চৌধুরী ও কাজী কানিজ সুলতানা। বৈঠকে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে কমিটি।