বগুড়ায় শিশু নাঈম হত্যার দায়ে ২ জনের ফাঁসি

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৯:৩২

বগুড়ার বহুল আলোচিত শিশু নাঈমূল ইসলাম নাঈমকে (১২) পুড়িয়ে হত্যার দায়ে ডালিম ও জাকারিয়া নামের ২ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে বগুড়া ১ম অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এই আদেশ দেন। এ রায়ে আব্দুল মতিন নামে আর ১ জনের ৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ফাঁসির আদেশ পাওয়া ২জন আসামী বর্তমানে পলাতক।

মামলার বিবরনে জানা যায়, ২০১২ সালের ৫ এপ্রিল স্কুল থেকে বাড়ি ফেরার পথে আসামীরা নাঈমকে অপহরণ করে। এরপর ৫ লাখ টাকা মুক্তিপণ চেয়ে নাঈমের বাবা রফিকুল ইসলামের কাছে ফোন করে তারা। টাকা নেওয়ার পরেও আসামীরা ১২ এপ্রিল ইট ভাটায় নাঈমকে পুড়িয়ে হত্যা করে।

এ ঘটনায় নাঈমের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে কাহালু থানায় ১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলা তদন্ত শেষে ৪ জনকে বাদ দিয়ে ৬ জনের নামে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত বুধবার বিকেলে জনাকীর্ণ আদালতে এই রায় প্রদান করে। মামলার অপর ৩ আসামী শিশু হওযায় তাদের বিরুদ্ধে শিশু আদালতে মামলা চলছে।

ইত্তেফাক/এএন