রাজশাহীতে ক্যাবল অপারেটর কার্যালয়ে অভিযান, ৭ জনের কারাদণ্ড

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ২০:১৪
রাজশাহী মহানগরীর পাঠানপাড়া এলাকায় অবস্থিত নিউ উত্তরা কমিউনিকেশন ক্যাবল অপারেটর কার্যালয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার বিকেল পাঁচটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
 
অভিযানে নিউ উত্তরা কমিউনিকেশন ক্যাবল অপারেটর কার্যালয় থেকে সাতজনকে আটক করে প্রত্যককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ওই কার্যালয়ের সমস্ত যন্ত্রপাতি জব্দ করা হয়।
 
সাজাপ্রাপ্তরা হলেন, শাহীন রেজা (৪৬), জাহাঙ্গীর হোসেন (৪২), সাগর (৩২), পারভেজ (৪৮), শামীম হোসেন (৩৮), আতিকুল ইসলাম (৩৩) ও সাগর ২৮)।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘ভারতের বিভিন্ন চ্যানেল অবৈধভাবে এখান থেকে সম্প্রচার করা হচ্ছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। এছাড়াও কিছু অবৈধ চ্যানেলও সম্প্রচার করা হচ্ছিল এই প্রতিষ্ঠান থেকে। ’
 
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম আরো বলেন, ‘অবৈধভাবে চ্যানেল চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির মালিক প্রতি মাসে অন্তত ৩৫ লাখ টাকা ভারতে হুন্ডির মাধ্যমে পাচার করছিলেন। তবে মালিক পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।’
 
র‌্যাব জানায়, নিউ উত্তরা কমিউনিকেশনের মালিক উত্তরা কোল্ড স্টোরের মালিক খন্দকার আওলিয়া রাজিব সোহেল। নগরীর পাঠানপাড়া এলাকায় অবস্থিত বাড়ির সামনেই একটি কার্যালয় গড়ে তুলে অবৈধ ডিস লাইনের মাধ্যমে বিদেশে বিভিন্ন চ্যানেল সম্প্রচার করতেন তিনি।
 
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি