জনপ্রিয় গান ‘আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা’র লেখক বরেণ্য গীতিকবি কুটি মনসুর আর নেই। অগণিত ভক্ত ও সঙ্গীতাঙ্গনের মানুষদের শোকের সাগরে ভাসিয়ে চিকিসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে সাতটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নাল্লিাহি---রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। কুটি মনসুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
গুণী এই গীতিকারের মৃত্যুর খবর নিশ্চিত করে তার বড় ছেলে খান মোহাম্মদ মজনু বলেন, গত ২২ ডিসেম্বর ঢাকার রামপুরার বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কুটি মনসুর। এরপর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ২৯ ডিসেম্বর উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।
তিনি আরো জানান, আজ বুধবার ঢাকার দোহারে কুটি মনসুরের শ্বশুর বাড়িতে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে। তার কথা ও সুরে গান গেয়েছেন বাংলাদেশের প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পীরা। তাদের মধ্যে আছেন সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, নীনা হামিদ, রথীন্দ্রনাথ রায়, ফকির আলমগীর, ইন্দ্রমাহন রাজবংশী, ফিরোজ সাঁই, মুজিব পরদেশী প্রমুখ।
ইত্তেফাক/এএন
