চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ড্রেজারের আঘাতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা শুরু করে। তবে নদীতে তীব্র স্রোতে এবং অন্ধকারের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে কোস্টগার্ড জানায়।
ঘটনাস্থল থেকে কোস্টগার্ড সদস্য শাহ আলম জানান, যাত্রীবাহী ট্রলারটি নগরীর পূর্ব পতেঙ্গা এলাকার বোট ক্লাব সংলগ্ন ঘাট থেকে যাত্রী নিয়ে কর্ণফুলীর অপর পাড়ে মেরিন একাডেমির দিকে যাচ্ছিল। মাঝ নদীতে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি ড্রেজারের ধাক্কায় সেটি উল্টে যায়। এ ঘটনায় ট্রলারের সকল যাত্রী নদীতে পড়ে যান। ট্রলারের মাঝি জনাব আলী অধিকাংশ যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয়েছেন বলে আমাদের নিশ্চিত করেছেন। তবে ট্রলারে মোট কতজন যাত্রী ছিল তা তিনি নিশ্চিত করতে পারেননি। তাই নিখোঁজ যাত্রীর সংখ্যা বলা যাচ্ছে না।
কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. ডিক্সন চৌধুরী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে কোস্টগার্ডের চারটি টহল বোট ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়দের সহায়তায় ট্রলারের প্রায় সকল যাত্রীকেই জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রলার ও ধাক্কা দেয়া ড্রেজারটিকে আটক করা হয়েছে। তবে ড্রেজারের চালক ও অন্য কর্মীরা পালিয়ে গেছে।
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি
