রায়পুরে শূন্য পদে বদলি স্থগিতে ক্ষুব্ধ শিক্ষকরা

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১১:২১
 
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১জন প্রধান শিক্ষক ও ৬৬জন সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষা নীতিমালা অনুযায়ী শূন্য পদগুলোতে বদলি হওয়ার জন্য বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলা শিক্ষা কার্যালয়ে আবেদন করেন।
 
আবেদনের প্রেক্ষিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদারকে শিক্ষা কমিটির সভাপতি করে ১৫ সদস্য একটি কমিটি গঠন করা হয়। সে অনুযায়ী বুধবার (২৫ জানুয়ারি) বিকালে শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে শিক্ষক বদলি সংক্রান্ত বিষয়ে একটি জরুরি বৈঠকে বসেন। প্রথমেই রায়পুর শহরের স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২টি সহকারী শিক্ষক শূন্য পদের বিপরীতে ১১টি আবেদনের আলোচনা উঠে আসলে রহস্যজনক কারণে তা সকল বদলি স্থগিত করে দেয় কমিটি। 
 
বৃহস্পতিবার সকালে কয়েকজন বিক্ষুব্ধ শিক্ষক সাংবাদিকদের এ অভিযোগ করে বলেন, চাকরির জ্যেষ্ঠতার ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ এবং নোটিশ বোর্ডে কমপক্ষে ৭ প্রদর্শনের ব্যবস্থাসহ ১৫টি শর্তে বদলির দাবি জানিয়েছেন তারা। কিন্তু কমিটির লোকজন নীতিমালা বহির্ভূতভাবে শিক্ষক বদলি নিয়োগ রহস্যজনক কারণে স্থগিত করে দেয়। এতে অনেক শিক্ষকদের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
 
বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, সদস্য পৌর মেয়র ইসমাইল হোসেন খোকন, সদস্য সচিব ও ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌউস, উপদেষ্টা সংসদ সদস্যের প্রতিনিধি আনোয়ার হোসেন বাহার, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান, আবু জাহের, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি উত্তর রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন, ইনস্টাটেক্টর (ইউআরসি) মোহাম্মদ মাইনুদ্দিন প্রমুখ। 
 
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বলেন, 'সরকারি নীতিমালা অনুযায়ী ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকগণকে বদলি করা হবে। কিছু সমস্যার কারণে এখন বদলি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।'
 
ইত্তেফাক/এসএস/কেকে