ভারতের প্রজাতন্ত্র দিবসে হিলিতে আমদানি-রফতানি বন্ধ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৪:৪৪
 
ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। ফলে সকাল থেকেই দুই দেশের মধ্যে পণ্যবাহী কোন ট্রাক যাতায়াত করেনি। তবে চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
 
বাংলাহিলি কাস্টমস সিন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ বলেন, ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এ কারণে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে কোন প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। শুক্রবার সরকারি ছুটি থাকায় শনিবার থেকে স্থলবন্দরের স্বাভাবিক নিয়মে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
 
বাংলাহিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন বলেন, স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।
 
ইত্তেফাক/এএসএস