মির্জাপুরে হাঁত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৫:২৩

টাঙ্গাইলের মির্জাপুরে হাঁত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন উপজেলার সোহাগপাড়া যুঁইযুঁথি ফিলিং স্টেশনের পাশ থেকে আজ বৃহস্পতিবার সকালে মির্জাপুর থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, সকালে হাঁটতে গিয়ে মহাসড়কের পাশে হাঁত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে মির্জাপুর থানা পুলিশকে খবর দেয়া হয়।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোন এলাকা থেকে যুবককে ধরে এনে খুন করে লাশ হাঁত-পা বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে চলে গেছে।

তিনি বলেন, যুবকের পরিচয় এখন পর্যন্ত মেলেনি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এএন