চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার টংগীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছয় ছাত্রীকে শ্রেণিকক্ষে লাঞ্ছিত করেছে বখাটেরা।
বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
অভিভাবকরা জানায়, এ বিদ্যালয়ে ছাত্রী উত্যক্ত ও লাঞ্ছনার ঘটনা কিছুদিন পর পরই ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর কোনো পদক্ষেপ না নেয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে চার বখাটে জড়িত। এদের মধ্যে দুইজনকে ঘটনাস্থলে আটক করে উত্তম মধ্যম দিয়েছে এলাকাবাসী। পরে জনগণের হাত থেকে তারা পালিয়ে যায়। বিদ্যালয় থেকে পাওয়া তথ্য মতে, চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।
এরা হলো দক্ষিণ হাটিলা গ্রামের মজুমদার বাড়ির মো. রাজু (২০), একই গ্রামের সায়েদ হোসেন (২৫) ও মো. মিঠু (২৪)।
প্রধান শিক্ষক মো. তাফাজ্জল হোসেন বলেন, ‘অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটেছে। আমি ঘটনাটি ইউএনও ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে দুই বখাটের নাম দেয়া হয়েছে।’
ইউএনও মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার বলেন, ‘প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমাকে জানিয়েছেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে বখাটেদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এএসএমইউ
