রাজনগরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছুরিকাঘাতে ২ নারী নিহত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ২২:১৮

মৌলভীবাজারের রাজনগরের ঘরগাঁও এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছুরিকাঘাতে ভাইয়ের স্ত্রী ও ভাতিজি নিহত হয়েছেন। এ ঘটনায় ভারসাম্যহীনের মেয়ে সহ তিন নারী আহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর উপজেলার ঘরগাঁও এলাকায় বাংলাদেশ আনসার বাহিসীর অবসরপ্রাপ্ত সদস্য সফিক মিয়া ধারালো ছুরি নিয়ে নিজ পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এ সময় সফিক মিয়ার হামলায় ৫জন আহত হয়। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামলাকারী সফিক মিয়ার ছোট ভাইর স্ত্রী নজরুন বেগম ও তার ভাতিজি সায়রা বেগমকে মৃত ঘোষনা করেন।

এ সময় গুরুতর আহত ভারসাম্যহীন সফিক মিয়ার মেয়ে কিশোরী সুমি বেগম, ভাতিজি তানিয়া বেগম ও আপন বড় ভাইর স্ত্রী নেছারুন বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সফিক মিয়াকে আটক করেছে। রাজনগর থানার ওসি শ্যামল বণিক ইত্তেফাককে জানান মানসিক ভারসাম্যহীন থাকায় বাংলাদেশ আনসার বাহিনীতে কর্মরত অবস্থায় তাকে চাকুরিচ্যুত করা হয়।

ইত্তেফাক/এসএসএ