আইন খতিয়ে দেখতে জাতীয় কমিশন দরকার :ড. কামাল

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:৪৪

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান আইনে কোথাও ঘাটতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি জাতীয় কমিশন গঠন করা উচিত। তিনি বলেন, বহুতল ভবনে দুর্ঘটনা হলে বিকল্প পথ বা সিিড় রাখার বিধান আমাদের দেশের আইনে রয়েছে। সেক্ষেত্রে আইনে যেসব বিধান রয়েছে তা পালন করা হচ্ছে কিনা, যদি তা করা না হয় তাহলে যেসব কার্যকর ব্যবস্থা রয়েছে তা গ্রহণ করতে হবে। গতকাল শুক্রবার বনানীর এফ. আর টাওয়ার ভবনের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. কামাল বলেন, এই বহুতল ভবনে এত বড়ো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা আমাদের জন্য ওয়ার্নিং। এই ঘটনায় এটাই শিক্ষা দিল যে, আইন মেনে ভবন নির্মাণ না করা হলে এ ধরনের পরিণতি হবে। এ ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। ওই কমিটি বসেছিলো। পাশাপাশি ঘটনাস্থলও দেখতে এসেছি। আমাদের দেখতে হচ্ছে রাষ্ট্র তার দায়িত্ব পালন করেছে কিনা, যারা নকশা অনুমোদন করেছে তারা তাদের দায়িত্ব পালন করেছে কিনা- এসব প্রশ্ন গভীরে গিয়ে দেখব।

তিনি বলেন, এ ঘটনায় একটি জাতীয় তদন্ত হওয়া প্রয়োজন। যেনতেনভাবে তদন্ত করলে চলবে না। যে ত্রুটির জন্য এইযে আগুন লাগল সেটা বের করতে হবে। এ সময় গণফেরামের নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান প্রমুখ উপস্থিত ছিলেন।