বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন দেশ আওয়ামী লীগ চালাচ্ছে না, মূলত দেশ চালাচ্ছে প্রশাসন। পুলিশই এই সরকারের সব ভরসা। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘স্বাধীনতার মাসে বন্দি গণতন্ত্র, বেগম খালেদা জিয়ার অমানবিক কারাবাস, অসহায় বিচার ব্যবস্থা কোন পথে বাংলাদেশ শীর্ষক’ এ আলোচনা সভায় আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। মির্জা ফখরুল প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগ কি রাষ্ট্র পরিচালনা করছে? করছে না। এখন প্রশাসনকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, আপনারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখেছেন। কারা করেছে, কীভাবে করেছে আমরা সবাই জানি। আওয়ামী লীগ সরকার তাদের বেতন বাড়াচ্ছে। সরকারি কর্মচারী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং সিভিল প্রশাসনে যারা আছেন, তাদের বেতন বাড়ছে। কিন্তু জনগণের আয় বাড়ছে না। উপরন্তু ট্যাক্স নেওয়া হচ্ছে বেশি করে। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিস গ্যাস, পানি, বিদ্যুত্ এবং জ্বালানি তেলের দাম প্রতি বছর দুইবার তিনবার করে বাড়ানো হচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের গুরুতর অসুস্থতার কথা জানিয়ে ফখরুল বলেন, বেআইনিভাবে তাকে আটক রাখা হয়েছে। প্রতিদিন তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে।
তিনি বলেন, পাকিস্তানে নওয়াজ শরীফ কনভিক্টেড, তিনি জামিনে আছেন। আওয়ামী লীগের যারা কনভিক্টেড তারাও জামিনে। নাজমুল হুদা একসময় আমাদের সঙ্গে ছিলেন, ১৪ বছর সাজা হয় তার, পাঁচ দিন পর বের হয়েছেন। সেখানে এক বছরের উপরে হলো দেশনেত্রীকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে। এর আগে একবার হাসপাতালে নিয়ে এসে কোনো চিকিত্সা ছাড়াই কারাগারে পাঠানো হয়েছে। এরপর সাড়ে তিন মাস কোনো স্বাস্থ্য পরীক্ষা হয়নি।
মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইব্রাহীম বীর প্রতীক প্রমুখ বক্তব্য দেন।
