কাউখালীতে ২০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৬:১৮

পিরোজপুরের কাউখালী উপজেলায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরে যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা নদীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, চরগড়া ও বাধা জাল জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্যে ২০ লাখ ৭৫হাজার টাকা।

শনিবার (২৮ জানুয়ারী) ভোরে সন্ধ্যা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে রয়েছে ২লাখ ৫০হাজার মিটার কারেন্ট জাল, ১০ হাজার মিটার চরগড়া ও ২টি বাধা জাল।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার উপস্থিতিতে ওই সব জাল কাউখালী লঞ্চ ঘাট সংলগ্ল মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।

কোষ্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার মো. আমির হোসেন জানান, ইলিশ সুরক্ষায় কোস্টগার্ড উপকূলীয় নদ নদীতে জাটকা নিধন বন্ধে অভিযান ১০ জানুয়ারি শুরু হয়েছে। আগামী ৩০জুন পর্যন্ত এ জাটকা অপারেশন কার্যক্রম চলবে।

কাউখালীসহ জেলার সন্ধ্যা, কচা ও কালিগঙ্গা নদীতে এ অভিযান নিয়মিত চলছে। এজন্য পিরোজপুরের নেছারাবাদে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ সময় উপকূলের নদ নদীতে জাটকা আহরণ বন্ধে জেলেদের সতর্ক করা হয়েছে।

ইত্তেফাক/এএন